সর্বশেষ আপডেট : ৪৬ মিনিট ১৯ সেকেন্ড আগে
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে বিশেষায়িত শিশু হাসপাতাল ও ৪৫০ শয্যার ক্যান্সার ইনস্টিটিউট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার ::

সিলেটে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিশেষায়িত শিশু হাসপাতাল, ৪৫০ শয্যাবিশিষ্ট ক্যান্সার ইনস্টিটিউট ও পূর্বঘোষিত ২৫০ শয্যার হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে সঙ্গে নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেটে শিগগিরই একটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অসম্পূর্ণ থাকা ৪৫০ শয্যাবিশিষ্ট ক্যান্সার ইনস্টিটিউটের কাজ দ্রুত শেষ করে চালু করার প্রক্রিয়া এগিয়ে চলছে। পূর্বঘোষিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিও দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘সিলেটে স্বাস্থ্যসেবার মান বাড়াতে বর্তমানে তিনটি প্রধান প্রকল্প নিয়ে পুরোদমে কাজ চলছে। ক্যান্সার ইনস্টিটিউটের বাকি কাজ দ্রুত শেষ করার জন্য স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।’

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, সিলেটে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিসিকের উন্নয়নমূলক উদ্যোগ এবং এসব স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়িত হলে পুরো সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবাসহ সার্বিক সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।

পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. জিয়াউর রহমান চৌধুরীসহ স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: