![]()


দক্ষিণ সুরমা সংবাদদাতা ::
সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে নারীদের ব্ল্যাকমেইল করার অভিযোগে অপু চন্দ্র দাশ (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। পরে তাঁকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে মোগলাবাজার ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। অপু ওই গ্রামের অকিল চন্দ্র দাশের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নারীদের ব্ল্যাকমেইল করার অভিযোগে স্থানীয় কয়েকজন অপুকে আটক করেন। পরে তাঁর মোবাইল ফোনে বিভিন্ন তথ্য পাওয়ার দাবি করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে কয়েক শ মানুষ মোগলাবাজারে জড়ো হন। সেখানে অপুকে মারধরের ঘটনাও ঘটে।
খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপুকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে। এ সময় উত্তেজিত জনতা তাঁকে পুলিশের কাছে হস্তান্তরে আপত্তি জানালে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ অপুকে হেফাজতে নেয়।
ধস্তাধস্তির সময় মোগলাবাজারের জয়নাল স্টোরের বিকাশ ও নগদ লেনদেনের টাকা এবং দোকানের কিছু মালামাল কে বা কারা নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের একটি বডি-অন ক্যামেরাও খোয়া যায়।
পুলিশের হেফাজতে থাকা অপু চন্দ্র দাশকে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, অপু দীর্ঘদিন ধরে এলাকার স্কুলপড়ুয়া ছাত্রী ও নারীদের বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে আসছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশ এখনো তদন্ত করে কোনো চূড়ান্ত তথ্য জানায়নি।
মোগলাবাজার থানার ওসি (তদন্ত) এরশাদ উল হক ভূঁইয়া পুলিশের বডি-অন ক্যামেরা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, এ ঘটনায় শনিবার রাত পর্যন্ত অপুকে প্রথমে আটক করা স্থানীয় ব্যক্তিদের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে।