সর্বশেষ আপডেট : ৬ মিনিট ৩৪ সেকেন্ড আগে
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে

খলিলুর রহমান, বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখায় মরিয়ম আক্তার মুন্নি নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যে নতুন তথ্য সামনে এসেছে। পরিবারের পক্ষ থেকে তাঁকে নির্যাতন করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ করা হলেও ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসক তাঁর মৃত্যুর কারণ হিসেবে ঝুলে থাকার কারণে শ্বাসরোধ এবং ঘটনাটিকে আত্মহত্যাজনিত বলে মত দিয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বড়লেখা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

পুলিশ জানায়, গত ২১ আগস্ট বিকেল ৫টার দিকে বড়লেখা থানার মুরিরগুল গ্রামে মুন্নির আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বসতবাড়ির টয়লেটের টিনের চালার কাঠের তীরের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। পরে আইন অনুযায়ী লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে মুন্নির বাবা হাজী মকবুল আলী মেয়ের মানসিক চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দেখিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পুলিশের কাছে অনুরোধ করেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত প্রয়োজন বলে পুলিশ মনে করে। পরে ফৌজদারি কার্যবিধির ১৭৪ ধারায় বড়লেখা থানায় অপমৃত্যু মামলা (ইউডি) নম্বর ৩১, তারিখ ২১ আগস্ট ২০২৬, করা হয়। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।

এদিকে ময়নাতদন্তের আগেই মুন্নির বাবা-মা ও স্বজনেরা বড়লেখা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, শ্বশুরবাড়ির ননদ, শাশুড়ি ও ভাসুর তাঁকে নির্যাতন করে হত্যা করেছেন। তাঁদের দাবি, হত্যার ঘটনা আড়াল করতে পরে লাশ ঝুলিয়ে রাখা হয়।

পুলিশ জানিয়েছে, পরিবারের এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে ‘হত্যাকাণ্ড’ উল্লেখ করে বিভিন্ন বক্তব্য ও প্রচারণা চালানো হচ্ছে। ৪ সেপ্টেম্বর জুমার নামাজের পর বড়লেখা শহীদ মিনারে মানববন্ধনের ঘোষণাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে বলে জানায় পুলিশ।

ওসি মনিরুজ্জামান জানান, গত ৩ সেপ্টেম্বর পাওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসক মতামত দিয়েছেন—“Death was due to asphyxia resulting from hanging which was antemortem and suicidal in nature.” অর্থাৎ, ঝুলে থাকার কারণে শ্বাসরোধে তাঁর মৃত্যু হয়েছে এবং তা জীবদ্দশায় সংঘটিত আত্মহত্যাজনিত মৃত্যু।

ওসি বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসক আত্মহত্যাজনিত মৃত্যুর কথা উল্লেখ করেছেন। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ দেওয়া হলে তা গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে পুলিশ স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করে, কোনো ঘটনার প্রকৃত তথ্য ও আইনগত অবস্থান নিশ্চিত হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, অসত্য বা উসকানিমূলক তথ্য প্রচার না করতে। এতে জনমনে বিভ্রান্তি তৈরির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: