![]()


দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাই উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ২টা ১০ মিনিটের দিকে দিরাই বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দিরাই উপজেলার শ্যামারচর বাজার এলাকার মৃত শুকুর আলীর ছেলে ফুল মিয়া (৫০) এবং শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের ওয়ারিছ আলীর ছেলে আক্তার হোসেন (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম-এর নেতৃত্বে এসআই ইসমাইল, এএসআই দিবাস, এএসআই মোতালেবসহ পুলিশের একটি দল দিরাই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে ফুল মিয়া ও আক্তার হোসেনকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে দুটি নীল রঙের প্যাকেটে বিশেষ কায়দায় রাখা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দিরাই বাসস্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”