![]()


দিরাই সংবাদদাতা :
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, অসৎ ব্যক্তিদের ভোট না দেওয়ার আহ্বান জানানোর কারণেই একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এমনকি তিনি মারা গেছেন বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে দিরাই বাজার মহাজন কমিটির উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাছির চৌধুরী বলেন, “আমি শুধু বলেছিলাম, কোনো অসৎ লোককে ভোট দেবেন না। সেই অসৎ লোকেরাই এখন আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এমনকি আমি মারা গেছি বলেও গুজব ছড়ানো হচ্ছে। নির্বাচনের সময়ও একই কথা বলেছিলাম, আজও সেই অবস্থানেই আছি। এ ধরনের অপরাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”
তিনি বলেন, দিরাই বাজারের সার্বিক উন্নয়নের পাশাপাশি দিরাই-শাল্লার প্রতিটি সড়কের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানান তিনি।
সংবর্ধনার জন্য দিরাই বাজার মহাজন কমিটি ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংসদ সদস্য বলেন, দিরাই বাজারের সুপেয় পানির সংকট, যানজট, ড্রেনেজ ব্যবস্থা, পাবলিক শৌচাগার এবং মহাজন সমিতির নিজস্ব কার্যালয়সহ বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
দিরাই বাজার মহাজন কমিটির সভাপতি নুরুল হক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম, বাজার কমিটির উপদেষ্টা সুরঞ্জন রায়, এমপি নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাইদুল হোসেন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজিব রশিদ চৌধুরী, বাজার কমিটির সহ-সভাপতি হান্নান অর রশিদ এবং কোষাধ্যক্ষ জিয়াউর রহমান জিয়া।
অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন দীপিকা দাস রুমী। এ সময় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।