![]()


স্টাফ রিপোর্টার ::
নগরীর শাহপরাণ (রহঃ) থানা এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি ড্রাম ট্রাক আটক করা হলেও চালক পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টা ২০ মিনিটে এসআই (নিঃ) জুয়েল চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় একটি বালুবোঝাই ড্রাম ট্রাককে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যায়।
পরে পুলিশ ধাওয়া দিলে RUNNER EICHER ব্র্যান্ডের ড্রাম ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ড-১১-৬১৯৯) বটেশ্বর এলাকার নুরাইয়া ওয়েল্ডিং অ্যান্ড থাই ইঞ্জিনিয়ারিং দোকানের সামনে ফেলে চালক পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে ৮০ বস্তায় মোট ২ হাজার ৪০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মামলা নং-২৮, তারিখ ২৭ এপ্রিল ২০২৬ খ্রি., স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ধারা ২৫বি(১)(বি)/২৫ডি অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এসএমপি’র এডিসি (মিডিয়া) মোঃ মনজুরুল আলম।