![]()


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফটোসাংবাদিক রেজা রুবেল ও সাংবাদিক নিবেন্দু তালুকদারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নগরীর মধুবনস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এ প্রতিবাদ জানানো হয়।
সভায় বক্তারা বলেন, সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং পেশাদার ফটোসাংবাদিক রেজা রুবেল ও সাংবাদিক নিবেন্দু তালুকদারের ওপর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একদল ইন্টার্ন চিকিৎসকের হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টির শামিল।
বক্তারা আরও বলেন, চিকিৎসকদের মূল দায়িত্ব মানুষের সেবা করা ও জীবন রক্ষা করা। অথচ হাসপাতালে সাংবাদিক, রোগী ও তাঁদের স্বজনদের হয়রানির অভিযোগ উঠছে, যা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের পরিস্থিতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সভায় বক্তারা হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায়, দাবি আদায়ে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
জরুরি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, সহসভাপতি শেখ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সহসাধারণ সম্পাদক এস এম সুজন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ইউসুফ আলী ও আজমল আলী প্রমুখ। —বিজ্ঞপ্তি