সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

ডেইলি সিলেট ডেস্ক ::

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি খাতে, বিশেষ করে সৌর ও জলবিদ্যুৎ খাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্মিলিত জিডিপি প্রায় ৫৯ ট্রিলিয়ন মার্কিন ডলার হলেও পারস্পরিক বাণিজ্য মাত্র ১ শতাংশের কাছাকাছি, যা সম্ভাবনার তুলনায় অত্যন্ত কম। এ প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা জরুরি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কার্যকর অর্থনৈতিক অংশীদারিত্বের মাধ্যমে আঞ্চলিক সম্ভাবনাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। তিনি জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে জানান, সীমান্তবর্তী এলাকায় স্বল্প দূরত্বে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন উভয় দেশের জন্যই লাভজনক হতে পারে।

অন্যদিকে, বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন জানান ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভুটানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক ইতোমধ্যে ঘনিষ্ঠ এবং তা আরও জোরদারে তারা আগ্রহী।

রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশের বুড়িমারি সীমান্ত থেকে ভুটানের দূরত্ব প্রায় একশ’ কিলোমিটার হওয়ায় বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে ভুটানের শিক্ষার্থীরা অধ্যয়ন করে দেশে ফিরে সেবায় নিয়োজিত হচ্ছেন, যা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়েও ভূমিকা রাখছে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এবং ভুটানের মিনিস্টার কাউন্সিলর (ট্রেড) দাওয়া শেরিং উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: