![]()


সিলেটে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেছেন মুকতাবিস উন নূর। তিনি বলেন, শরীরচর্চা, স্বাস্থ্য সুরক্ষা এবং আত্মরক্ষামূলক খেলাধুলা—যেমন তীর নিক্ষেপ, ঘোড়দৌড়, সাঁতার ও দৌড় প্রতিযোগিতা—ইসলামে বৈধ ও উৎসাহিত।
মঙ্গলবার শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও শাখার উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, দৌড় প্রতিযোগিতা ইসলামের একটি সাংসারিক আদব। মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজ স্ত্রী আয়েশা (রা.)-এর সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে দাম্পত্য জীবনে ভালোবাসা ও আনন্দ প্রকাশের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মো. লুৎফুর রহমান হুমায়দী। স্বাগত বক্তব্য রাখেন শাখা ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
মাদ্রাসার শিক্ষক মাওলানা হানীফ হোসাইন ও সিদ্দিকুর রহমান-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া কমিটির আহ্বায়ক মো. শাহীন আলম, সদস্য সচিব আলাউদ্দিন, শিক্ষক খোরশেদ আলম মহসিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফল হতে হলে লক্ষ্য নির্ধারণ জরুরি। মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে এবং অলসতা পরিহার করতে হবে। তিনি কৃতজ্ঞতার গুরুত্ব তুলে ধরে বলেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম নামাজ। পাশাপাশি মা-বাবা, শিক্ষক ও সমাজের প্রতিও কৃতজ্ঞ থাকা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেন, যেসব খেলায় শারীরিক, মানসিক বা সামাজিক ক্ষতি হয় কিংবা অযথা সময় নষ্ট হয়, সেসব খেলা ইসলামে গ্রহণযোগ্য নয়। তিনি সুস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে নবী করিম (সা.)-এর হাদিস উল্লেখ করেন—মানুষ সাধারণত দুইটি নিয়ামতের ক্ষেত্রে প্রতারিত হয়, একটি সুস্বাস্থ্য এবং অন্যটি অবসর সময়।-বিজ্ঞপ্তি