সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সায়েদাবাদে টার্মিনালে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ শুরু

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর সায়েদাবাদে আন্তঃজেলা বাস টার্মিনালের বাইরে থাকা অবৈধ ও অনুমোদনহীন ২৪০টি বাস কাউন্টার প্রাথমিকভাবে চিহ্নিত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত এসব কাউন্টার চিহ্নিত করার কথা বলেছেন দক্ষিণ সিটির জন সংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান।

বুধবার (৮ এপ্রিল) অবৈধ এসব কাউন্টার উচ্ছেদে অভিযান শুরু করেছে নগর সংস্থাটি।

ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ উচ্ছেদ অভিযানে কয়েকটি কাউন্টার ভেঙে দেওয়া হয়েছে। সিলগালা করা হয়েছে কয়েকটি। তবে মোট কয়টি কাউন্টার উচ্ছেদ করা হয়েছে সে সংখ্যা জানাতে পারেননি জনসংযোগ কর্মকর্তা।

গেল রোববার রাতে গণবিজ্ঞপ্তি দিয়ে ঢাকা মহানগরীর ভেতরে তিনটি বাস টার্মিনাল ছাড়া অন্য স্থানে থাকা আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার সাত দিনের মধ্যে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গণবিজ্ঞপ্তি বলা হয়, গণবিজ্ঞপ্তি জারির সাত দিনের মধ্যে ঢাকা মহানগরের ভেতরে অবস্থিত আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা (গাবতলী, মহাখালী ও সায়দাবাদ) ছাড়া অন্য কোনো স্থানে কার্যক্রম পরিচালনা করা যাবে না।

এজন্য যেসব স্থানে আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার রয়েছে সেগুলো স্ব-উদ্যোগে অপসারণ বা উচ্ছেদ করতে হবে। তা না হলে সড়ক পরিবহন আইনসহ অন্যান্য সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী ডিএমপির ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেবেন।

ঢাকা দক্ষিণ সিটি উচ্ছেদ অভিযান শুরু করার আগে বুধবার দুপুর ১২টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালের আশপাশের এলাকায় মাইকিং করে প্রথমে কাউন্টারগুলো বন্ধ করার জন্য ৩০ মিনিট সময় দেয়।

যদিও এদিন সকাল ৯টায় জনপদ মোড়, গোপীবাগসহ সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের আশপাশের এলাকায় অনুমোদনবিহীন বাস কাউন্টার উচ্ছেদে অভিযান পরিচালনার কথা জানিয়েছিল ডিএসসিসি।

তবে নগর সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন বাস মালিকদের প্রতিনিধিরা, সেখানে নির্বাহী ম্যাজিস্টেটও উপস্থিত ছিলেন। যে কারণে নির্ধারিত সময়ের চেয়ে তিন ঘণ্টার পরে মাইকিং করে কাউন্টার সরানোর ঘোষণা আসে।

এসময় কাউন্টারগুলো বন্ধ করে সরে পড়েন অনেক কাউন্টার ম্যানেজার। সাটার ফেলে দিয়ে তারা চলে গেলে সিটি করপোরেশন উচ্ছেদ কার্যক্রম শুরু করে সায়েদাবাদের অদূরে টিটিপাড়া মোড় থেকে।

তারপর ধোলাইপাড়, গোপীবাগ ও জনপদ পর্যন্ত থাকা একই বাসের একাধিক কাউন্টার, অনুমোদন না নিয়ে চালু করা কাউন্টার ও অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ শুরু হয়।

দক্ষিণ সিটি করপোরেশন বলেছে, গত ১০ মার্চ ডিএসসিসির উদ্যোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সড়ক পরিবহন বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি এবং পরিবহন শ্রমিক কমিটির সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এদিন উচ্ছেদ কার্যক্রম শুরু হল।

সায়েদাবাদের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমও পরিচালনা করছে দক্ষিণ সিটি করপোরেশন।

যানজটমুক্ত ও চলাচলে শৃঙ্খলা আনতে এই কার্যক্রম চালিয়ে যাবে বলে নগর সংস্থাটির পক্ষা থেকে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: