সর্বশেষ আপডেট : ৩৬ সেকেন্ড আগে
সোমবার, ৫ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অটোরিকশা শূন্য ঢাকা: দাবি না মানা পর্যন্ত সড়ক না ছাড়ার হুঁশিয়ারি চালকদের

ডেইলি সিলেট ডেস্ক ::

ব্যাটারি চার্জিং স্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া এবং সড়কে অহেতুক হয়রানির প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত ব্যাটারিচালিত অটোরিকশা চালক। আজ সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিক থেকে তারা প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে এই অবরোধ কর্মসূচি শুরু করেন। এর ফলে প্রেস ক্লাব এলাকার দুই পাশেই সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা ছিল পুরোপুরি অটোশূন্য। প্রতিদিনের যাতায়াতে যারা অটোরিকশার ওপর নির্ভরশীল, সকাল থেকে তাদের চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

আন্দোলনরত চালকরা জানিয়েছেন, সম্প্রতি প্রশাসন তাদের ব্যাটারি চার্জ দেওয়ার স্থানগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এর পাশাপাশি সড়কে প্রশাসনের অভিযানের নামে তাদের প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে।

বিক্ষোভকারী অটোচালক সাইফুল ইসলাম বলেন, “রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে। দেশে লাখ লাখ মানুষ অটো চালিয়ে তাদের জীবন-জীবিকা নির্বাহ করে। অথচ আমাদের চার্জিং স্টেশনের বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে এবং সড়কে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে আমাদের হয়রানি বন্ধ করতে হবে এবং বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিতে হবে।” চালকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের যৌক্তিক দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

এদিকে, অটোচালকদের এই অবরোধকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার জাহিদুল ইসলাম জানিয়েছেন, “আমাদের ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে। অটোচালকদের এই সমাবেশ ও অবরোধ থেকে যেন কোনো ধরনের ভাঙচুর বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে আমরা সর্বাত্মক নজরদারি বজায় রেখেছি।”

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রেস ক্লাবের সামনের রাস্তায় আন্দোলনকারী চালকদের ভিড় আরও বাড়তে থাকে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ চালকদের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: