![]()


স্টাফ রিপোর্টার ::
সমাজজুড়ে অনিয়ম, বিশৃঙ্খলা, সংকীর্ণতা ও প্রতিহিংসার প্রবণতা এখনো বিদ্যমান রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর দেশ ভয় ও দমন-পীড়নের অবস্থা থেকে বেরিয়ে এলেও এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি।
রোববার (২২ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “ফ্যাসিবাদের একটি বড় অংশ বিদায় নিয়েছে, কিন্তু তার কালো ছায়া এখনো রয়ে গেছে।” তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে, যা দুঃখজনক।
রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে তিনি বলেন, একসময় রাজনীতিবিদদের প্রতি মানুষের বিশেষ শ্রদ্ধাবোধ ছিল, কিন্তু কথার সঙ্গে কাজের মিল না থাকায় সেই আস্থা কমে গেছে। একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের ভূমিকাও তুলে ধরে তিনি বলেন, রাজনীতিবিদদের সঠিক পথে রাখতে সাংবাদিকদের দায়িত্ব রয়েছে। তবে বর্তমানে সাংবাদিকতার একটি বড় অংশে সমাজ ও বিবেকের প্রতিফলন দেখা যায় না বলে মন্তব্য করে তিনি হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান জানান।
গণভোট ও সংস্কার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে মত দিলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। এতে মানুষের মধ্যে নতুন করে অনাস্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি জানান, গত নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সংস্কারের পক্ষে মত দিলেও তার পুরো বাস্তবায়ন এখনো হয়নি।
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত নির্বাচন প্রয়োজন। জনপ্রতিনিধিদের মাধ্যমেই জনগণের কাজ হওয়া উচিত, যাতে জবাবদিহি নিশ্চিত হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতির পদ নিয়ে কোনো আপত্তি নেই, তবে ব্যক্তিকে ঘিরে তাদের আপত্তি রয়েছে। এ বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিরোধী দল হিসেবে সংসদের ভেতরে ও বাইরে গঠনমূলক ভূমিকা পালন করবে তার দল। সরকারের ভালো কাজকে সমর্থন জানানো হবে, তবে জনস্বার্থবিরোধী কোনো পদক্ষেপ মেনে নেওয়া হবে না।
মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা আমির মাওলানা হাবিবুর রহমানসহ দলটির জেলা ও মহানগর নেতৃবৃন্দ এবং অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভা শেষে ডা. শফিকুর রহমান দেশবাসী, প্রবাসী বাংলাদেশি ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানান।