![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুসারে সংশ্লিষ্ট সিটি করপোরেশনে নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসক মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা গ্রহণ করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত বছরের ৫ আগস্ট সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করা হলে বিভাগীয় কমিশনারকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল।
আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সিলেট-৩ আসনে সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন না পেলেও পরে তিনি সিলেটের ছয়টি আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
একই প্রজ্ঞাপনে আরও কয়েকটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এ মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন-এ মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশন-এ নজরুল ইসলাম মঞ্জু , নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এ মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশন-এ মো. শওকত হোসেন সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব প্রশাসক দায়িত্ব পালন করবেন।