![]()


বড়লেখা প্রতিনিধি :
শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় আয়োজিত মিছিলটি পৌরশহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উত্তর চৌমুহনী প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বড়লেখা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান এবাদের সভাপতিত্বে এবং বড়লেখা উত্তর শাখার সভাপতি কাওসার আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মহসিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক হুমায়ন কবির সাজু, বড়লেখা শহর শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমাদ, উত্তর শাখার সাধারণ সম্পাদক হানজালা আহমদ, দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক অনিকুর রহমান, সুজাউল মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম এবং বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাব্বির আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, শাকসু নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি সাধারণ শিক্ষার্থী ও মেধাবীদের প্রতিনিধিত্বশীল একটি নির্বাচন, যারা আগামীর বাংলাদেশ গড়বে। তারা অভিযোগ করেন, একটি কুচক্রিমহল পরিকল্পিতভাবে এই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বক্তারা আরও বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। যদি আবারও কোনো মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে ছাত্রশিবির দুর্বার আন্দোলন গড়ে তুলবে। একই সঙ্গে তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত শাকসু নির্বাচন আয়োজন করতে হবে এবং নির্বাচনে ছাত্রশিবিরের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।