সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে ‘রাইট ট্র্যাকে’ উঠবে দেশ : মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার ::

বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে দেশ গণতন্ত্রে ফিরবে এবং ‘রাইট ট্র্যাকে’ উঠবে।

সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। পরে তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজারেও জিয়ারত করেন।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আমরা সবাই আশাবাদী, এই নির্বাচনের মধ্য দিয়ে জাতি গণতন্ত্রে ফিরে যাবে। জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং দেশ সঠিক পথে চলতে শুরু করবে।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে আমরা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আন্দোলন করছি। আমাদের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং ১ হাজার ৭০০-রও বেশি মানুষ গুম হয়েছেন। সিলেটের সাহসী নেতা ইলিয়াস আলীকেও গুম করা হয়েছে।”

বিএনপি মহাসচিব জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে সাম্প্রতিক বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। এ থেকেই ধারণা করা যাচ্ছে, সরকার সেই সময়েই নির্বাচন আয়োজন করবে।

মাজার জিয়ারতের পর মির্জা ফখরুল বেলা ১১টায় সিলেট নগরীর পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশ নেন। দুপুর ২টায় তিনি শহীদ বীর সন্তানদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সফরকালে ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

এছাড়াও সিলেটের বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: