![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রদীপ বৈদ্য (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৭টার দিকে শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত প্রদীপ বৈদ্য শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।
৪৬ বিজিবি সূত্র জানায়, প্রদীপ বৈদ্য সীমান্ত অতিক্রম করে ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার কৈলাশহর থানার রাজবাড়ি গ্রামের দেইপুর এলাকায় প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে তার মরদেহ কৈলাশহর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে বর্তমানে লাশটি রাখা আছে।
৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে। মরদেহ ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।” তিনি আরও জানান, প্রদীপ বৈদ্য কীভাবে ভারতের ভেতরে প্রবেশ করলেন এবং কী পরিস্থিতিতে গুলির ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দুরুদ জানান, নিহত যুবক স্থানীয়ভাবে পরিচিত এবং তার মৃত্যুর খবর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।