![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
বাংলাদেশের বিষয়ে মাতবরি না করে ভারতকে নিজেদের ঘর সামাল দিতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ভারতের উদ্দেশে গয়েস্বর বলেন, আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান না নিয়ে নিজেদের ঘর সামাল দিন। পরের ঘরের মাতবরি করা থামিয়ে দিন। ১৮ কোটি মানুষ যেখানে আছে, সেখানে কারো মাতবরি টিকে না।
শুক্রবার বিকেলে রাজধানীর দয়াগঞ্জে গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠা ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সারাদেশের মহানগরে গণমিছিল করেছে বিএনপি।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না। তার অধীনে আমরা কোনো নির্বাচনে যাবো না। আমাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার উদ্ধার করে তা প্রতিষ্ঠা করতে হবে। ভারত যদি আবার ২০১৪ সালের মতো, ২০১৮ সালের মতো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায়- চ্যালেঞ্জ এদেশের ১৮ কোটি জনগণ এবার ছাড়বে না।
গয়েশ্বর আরও বলেন, আজকে কোন দেশ কী বলল, তাতে কিছু যায় আসে না। আমাদের অধিকার আমাদেরই প্রতিষ্ঠা করতে হবে, আমাদের গণতন্ত্র রক্ষা করতে হবে।
ভারতের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আনন্দবাজার পত্রিকায় লিখেছে- ভারতের কূটনীতিকরা আমেরিকাকে বলেছে হাসিনাকে সরালে ভারত ও আমেরিকার জন্য সুখকর হবে না। আমরা ভারতের কূটনীতিকদের বলি শেখ হাসিনা গোটা দেশকে উপনিবেশ করে তুলেছে। আমাদের কথা বলার অধিকার নেই, গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। কেন আপনারা এ ধরনের কথা বলছেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে গণমিছিলে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।