![]()


কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিজ বসতঘর থেকে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) উপজেলার দয়ার বাজার এলাকার বালুচর গ্রামের নিজ বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম ছালেখা বেগম (৫২)। তিনি ৪ মেয়ে ও ২ ছেলের জননী এবং বালুচর গ্রামের আব্দুর রবের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার সকালে ছালেখা বেগমের প্রতিবেশীরা তার ঘরের দরজা খোলা দেখতে পান। পরে সেখানে গেলে তারা তার গলা কাটা মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।