![]()


সিলেটে অভিযোজনভিত্তিক পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দিনব্যাপী জাতীয় সেমিনার শুরু
স্টাফ রিপোর্টার ::
সিলেট অঞ্চলের কৃষি, জীববৈচিত্র্য ও পানি ব্যবস্থাপনার সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান বের করতে মাঠপর্যায়ে অ্যাকশন রিসার্চ পরিচালনা করা জরুরি বলে মন্তব্য করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার।
বুধবার (২৮ অক্টোবর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী জাতীয় সেমিনার ‘ন্যাশনাল সেমিনার অন অ্যাডাপটিভ ওয়াটার ম্যানেজমেন্ট ইন সিলেট (NSAWMS 2026)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট অঞ্চলে অভিযোজনভিত্তিক পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং হাওরাঞ্চলের টেকসই উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ডিভিএম অনুষদের সম্মেলন কক্ষে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, সিলেট অঞ্চল দেশের একটি অনন্য ভৌগোলিক ও জলবায়ু-সংবেদনশীল এলাকা। এখানকার অতিবৃষ্টি, ঘন ঘন বন্যা এবং হাওরভিত্তিক কৃষিব্যবস্থা পানি ব্যবস্থাপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। এ অঞ্চলের সীমিত সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করতে বৈজ্ঞানিক গবেষণা, উদ্ভাবনী সমাধান এবং স্থানীয় জনগোষ্ঠীর দীর্ঘদিনের অভিজ্ঞতার সমন্বয় প্রয়োজন।
তিনি আরও বলেন, সিলেট অঞ্চলের পানি ব্যবস্থাপনা ও হাওরের বিভিন্ন সমস্যা নিয়ে এখনো গবেষণার ঘাটতি রয়েছে। এসব ঘাটতি চিহ্নিত করে তা পূরণে মাঠপর্যায়ে অ্যাকশন রিসার্চ পরিচালনা করতে হবে। গবেষণার ফলাফল যেন শুধু প্রতিবেদন বা গবেষণাপত্রে সীমাবদ্ধ না থাকে, বরং কৃষক ও স্থানীয় জনগোষ্ঠীর বাস্তব কাজে লাগে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভিযোজন কৌশল গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে। বৈজ্ঞানিক জ্ঞান ও স্থানীয় অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমেই টেকসই সমাধান সম্ভব।
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুক্তারুন ইসলাম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) পরিবেশ ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রফেসর ড. হামিদুল হক, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) প্রধান বিশেষজ্ঞ ড. ফারহানা আহমদ এবং শেভরন বাংলাদেশের ফিল্ড করপোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার খন্দকার তুসেরুজ্জামান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আহমদ হাসান নূর।
দুই দিনব্যাপী এ আয়োজনে বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্যানেল আলোচনা ও উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছে। পাশাপাশি তরুণদের জন্য হাওরাঞ্চলে অভিযোজনভিত্তিক পানি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ এবং আঞ্চলিক ব-দ্বীপ ও হাওরাঞ্চলের কার্যক্রম নিয়ে কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।
সেমিনারে সিলেট অঞ্চলের পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কৃষি ও হাওরাঞ্চলের টেকসই উন্নয়নে গবেষণাভিত্তিক সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করা হয়।