![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের হাম রোগীদের ওয়ার্ড পরিদর্শন করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম।
শনিবার দুপুরে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সিলেটে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। রাজধানীর বাইরে সারা দেশের মধ্যে সিলেটেই হামে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ব্যারিস্টার সালাম বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চোখের সামনেই এভাবে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, আর আমরা কিছুই করতে পারছি না। এটা হতে পারে না।” তিনি হাম পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রীসহ সংশ্লিষ্টদের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবেন বলে জানান।
হাম আক্রান্ত শিশু ও তাদের স্বজনদের দুর্ভোগকে একটি দুর্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী রেড ক্রিসেন্ট সহযোগিতা করবে। একই সঙ্গে সমাজের সচেতন মানুষদেরও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে সিলেট জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।