![]()


স্টাফ রিপোর্টার ::
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (জেসিপিএসসি)। প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ১২৯ জন শিক্ষার্থীর মধ্যে ৭৯ জন বৃত্তি লাভ করেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ২৯ জন ট্যালেন্টপুল এবং ৫০ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। এতে প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্তির হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ২৪ শতাংশ।
জেসিপিএসসি কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়, প্রাথমিক শাখার শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।
একক একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাথমিক স্তরে একসঙ্গে ৭৯ জন শিক্ষার্থীর বৃত্তি অর্জনকে গৌরবজনক অর্জন উল্লেখ করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, শিক্ষার্থীদের এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তারা শিক্ষা, মেধা ও সৃজনশীলতার মাধ্যমে প্রতিষ্ঠান ও দেশের সুনাম আরও উজ্জ্বল করবে।