![]()


ছবিটি AI দিয়ে পুনর্গঠিত
বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশের অভিযোগ, পতাকা বৈঠকের উদ্যোগ
স্টাফ রিপোর্টার :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে বিছনাকান্দি পর্যটন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আটক বিএসএফ সদস্যের নাম ও পদবি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁকে বিজিবির বিছনাকান্দি বিওপি ক্যাম্পে রাখা হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বিছনাকান্দি সীমান্ত এলাকায় ৪৮ বিজিবির একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফের এক সদস্যকে অস্ত্রসহ দেখতে পেয়ে তাঁকে আটক করেন বিজিবি সদস্যরা।
স্থানীয় সূত্রের দাবি, ওই বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বিছনাকান্দি পর্যটন এলাকায় প্রবেশের পর একটি দোকানঘরে গিয়ে অশ্লীল ভাষায় গালাগাল ও ভাঙচুর করেন। পরে বিজিবির টহল দল তাঁকে আটক করে। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ গণমাধ্যমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএফের এক সদস্য অস্ত্রসহ বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবির টহল দল তাঁকে আটক করে হেফাজতে নেয়। বর্তমানে তিনি বিজিবির বিছনাকান্দি বিওপিতে রয়েছেন।
বিজিবি অধিনায়ক আরও জানান, আটক বিএসএফ সদস্যের বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল জানান, বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবির টহল দল তাঁদের ধাওয়া করে। এ সময় একজনকে দুটি অস্ত্রসহ আটক করা হয়। তাঁকে পরে বিজিবি ক্যাম্পে নেওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা ও মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে বিজিবি অধিনায়ক এ ধরনের উত্তেজনা বা মুখোমুখি অবস্থার কথা অস্বীকার করে জানিয়েছেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ ঘটনায় গুজব না ছড়াতে এবং গুজবে কান না দিতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিজিবি অধিনায়ক।