সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জুলাই শহীদদের বিচার ব্যর্থ হলে জনগণ ক্ষমতা নিতে প্রস্তুত: নাসির উদ্দিন পাটোয়ারী

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, জুলাই শহীদদের বিচার ও রাষ্ট্র সংস্কারে সরকার ব্যর্থ হলে জনগণ নিজ হাতে ক্ষমতা গ্রহণে প্রস্তুত। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সদরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সরকার বিরোধী দলের সমালোচনা সহ্য করতে পারছে না। গঠনমূলক সমালোচনা করলেও মামলা-হামলার মাধ্যমে তা দমন করার চেষ্টা করা হচ্ছে। তবে মামলা ও হামলা চালিয়ে আন্দোলন দমিয়ে রাখা যাবে না।

তিনি বলেন, ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিভিন্ন স্থানে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির অভিযোগ উঠছে। স্কুল-কলেজ, হাসপাতাল, সিএনজি স্ট্যান্ডসহ নানা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন খাতে মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। রাষ্ট্র সংস্কারের পরিবর্তে সরকার স্বৈরাচারী ধারা অনুসরণ করছে বলেও তিনি অভিযোগ করেন।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু, সিলেট জেলা এনসিপির আহ্বায়ক জুনেদ আহমদ, সদস্য সচিব কামরুল আরিফ, মহানগরের সদস্য সচিব কিবরিয়া সরোয়ার এবং কোম্পানীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদ আহমদ।

বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুক্রবার শেষ হচ্ছে। ২০২৪ সালের আন্দোলনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ একসঙ্গে অংশ নিয়েছিল। দেশের স্বার্থে সেই ঐক্য ধরে রাখার আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, স্বৈরাচারের দোসররা নতুন করে বিভিন্ন রাজনৈতিক নেতার পেছনে বিনিয়োগ শুরু করেছে। ব্যাংক ও সরকারের বিভিন্ন খাতে লুটপাটের চেষ্টা চলছে বলেও তারা দাবি করেন। এসব কর্মকাণ্ডে সরকারের নীরব ভূমিকার সমালোচনা করেন তারা।

এর আগে নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম ভোলাগঞ্জ স্থলবন্দর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: