![]()


বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাবরক্ষক মো. রেজাউল ইসলাম মিন্টুর অবসর গ্রহণ উপলক্ষে তাঁর শেষ কর্মদিবসে স্মৃতিচারণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুস সবুর। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক জসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন এমসি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কামরান আহমদ চৌধুরী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবির এবং সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম. এম. আতিকুর রহমান।
এছাড়া বক্তব্য দেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক বিধান চন্দ্র দাস, শিক্ষক হৃশিকেশ দাস, একেএম শফিউল আলমসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের হিসাবরক্ষকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে মো. রেজাউল ইসলাম মিন্টু কলেজের জন্য যে অবদান রেখেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, “এখনও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজকে আমার নিজের কলেজ বলেই মনে হয়। একটি এমসি কলেজ, আরেকটি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ। বড়লেখার প্রত্যন্ত এলাকায় ঘুরেছি, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি। কলেজের উন্নয়নে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং এলাকার সার্বিক উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুস সবুর বলেন, বিদায়ী হিসাবরক্ষক রেজাউল ইসলাম মিন্টু কলেজের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি তাঁর সুস্থ, শান্তিময় ও দীর্ঘ অবসর জীবন কামনা করেন।
তিনি আরও বলেন, প্রায় ৪০ বছরের কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা আগামী দিনেও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।