সর্বশেষ আপডেট : ৮ মিনিট ১০ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা: আঁচল ফাউন্ডেশন

ডেইলি সিলেট ডেস্ক ::

২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর হতাশা ও মানসিক চাপে দেশের বিভিন্ন স্থানে মোট ২০ জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার পর ১১ জন এবং এইচএসসির ফল প্রকাশের মাত্র ১০ দিনের ব্যবধানে ৯ জন শিক্ষার্থী আত্মহত্যা করে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশন এই উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইচএসসি পরীক্ষার পর আত্মঘাতী ৯ শিক্ষার্থীর মধ্যে ৫ জন নারী এবং ৪ জন পুরুষ। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ৫টি আত্মহত্যার ঘটনা ঘটেছে খুলনা বিভাগের সাতক্ষীরা, মাগুরা, যশোর ও বাগেরহাটে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুরে, রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ে, ঢাকা বিভাগের গাজীপুরে এবং রাজশাহী বিভাগের বগুড়া জেলায় একটি করে ঘটনা ঘটেছে।
প্রাথমিক তথ্যানুযায়ী, পরীক্ষায় অকৃতকার্য হওয়া, কাঙ্ক্ষিত ফল না পাওয়া, পারিবারিক ও সামাজিক চাপ এবং ফলাফলকেন্দ্রিক তীব্র হতাশাই এসব মর্মান্তিক ঘটনার মূল কারণ। আঁচল ফাউন্ডেশনের মতে, ফলাফলকে জীবনের সাফল্য – ব্যর্থতার একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করার সামাজিক প্রবণতা শিক্ষার্থীদের এই মানসিক সংকটকে আরও গভীর করে তুলছে।

শিক্ষার্থীদের এমন মর্মান্তিক পরিণতি রোধ করতে এবং ফলাফল-পরবর্তী মানসিক সংকট মোকাবিলায় ৭ দফা সুপারিশ পেশ করেছে সংগঠনটি। সুপারিশে বলা হয়েছে, পরীক্ষার ফল প্রকাশের আগে ও পরে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা ও পরামর্শসেবা নিশ্চিত করতে হবে। অকৃতকার্য বা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের প্রতি পরিবারের সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা এবং অন্যের সঙ্গে তুলনা বা ভর্ৎসনা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি।

পরীক্ষায় অকৃতকার্য হওয়াকে জীবনের চূড়ান্ত ব্যর্থতা হিসেবে না দেখার বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরি করার তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সহায়তা কার্যক্রম চালু করা এবং শিক্ষার্থীদের জন্য সহজলভ্য, গোপনীয় ও বিনা মূল্যের মানসিক স্বাস্থ্য পরামর্শসেবা ও জরুরি সহায়তা ব্যবস্থা সম্প্রসারণ করার কথা বলা হয়েছে।

এ ছাড়া আবেগ নিয়ন্ত্রণ ও হতাশা মোকাবিলায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা এবং ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের দ্রুত সহায়তা দিতে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানিয়েছে আঁচল ফাউন্ডেশন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: