![]()


স্টাফ রিপোর্টার :
আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য শ্রী শ্রী রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট মহানগর শাখা, ইসকন সিলেট, রথযাত্রা উদযাপন কমিটি এবং বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিরা অতীত অভিজ্ঞতার আলোকে উৎসব সুষ্ঠুভাবে আয়োজনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় রথযাত্রা উপলক্ষে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, উৎসবকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, র্যাব, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সেবা এবং ট্রাফিক পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। যান চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
এছাড়া ইভটিজিং, পকেটমার, চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে শ্রী শ্রী রথযাত্রা ও উল্টো রথযাত্রা সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমন্বয় সভায় গোয়েন্দা সংস্থা, র্যাব-৯, সিভিল সার্জন কার্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট সিটি করপোরেশন, সড়ক ও জনপথ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আনসার ও ভিডিপির প্রতিনিধিসহ এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখা, ইসকন সিলেট, রথযাত্রা উদযাপন কমিটি, বিভিন্ন মন্দির কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।