![]()


প্রবাস ডেস্ক ::
যুক্তরাজ্যের নিউপোর্টে প্রবাসী বাংলাদেশিদের জনপ্রিয় ক্রীড়া সংগঠন ‘নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাব’-এর নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) নিউপোর্টের সুপরিচিত Bengal Cymru Restaurant-এ আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তা, উপদেষ্টা, খেলোয়াড়, শুভানুধ্যায়ী ও স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশিদ। তিনি বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। তিনি নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাবের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ উপদেষ্টা কবির আহমেদ বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাব খেলাধুলার মাধ্যমে কমিউনিটিকে একত্রিত করার যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই অনুকরণীয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি পারভেজ খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “নতুন জার্সি আমাদের দলের পরিচয়, ঐক্য ও গৌরবের প্রতীক। এটি শুধু একটি পোশাক নয়; বরং আমাদের স্বপ্ন, পরিশ্রম এবং আগামী দিনের সাফল্যের প্রতিচ্ছবি।”
তিনি ক্লাবের কর্মকর্তা, উপদেষ্টা, খেলোয়াড় ও সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি শাহ মহসিন আলী মিন্টু, সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী, যুগ্ম নিরাপত্তা সম্পাদক আমিনুর রহমান, যুগ্ম সম্পাদক এ কে শিফার এবং ক্লাবের কোচ জালাল আহমেদ।
সহ-সভাপতি শাহ মহসিন আলী মিন্টু বলেন, নতুন জার্সি দলের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং মাঠে আরও আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে অনুপ্রাণিত করবে। সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী জানান, ক্লাবটি শুধু খেলাধুলায় সীমাবদ্ধ নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
যুগ্ম নিরাপত্তা সম্পাদক আমিনুর রহমান ও যুগ্ম সম্পাদক এ কে শিফার ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জানান, আগামীতে বিভিন্ন প্রতিযোগিতা, প্রশিক্ষণ কার্যক্রম এবং কমিউনিটি-ভিত্তিক ক্রীড়া আয়োজন আরও বিস্তৃত করা হবে।
কোচ জালাল আহমেদ বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও শৃঙ্খলার মাধ্যমে দলকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে। নতুন জার্সি খেলোয়াড়দের মধ্যে বিজয়ের আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি উন্মোচন করা হয়। উপস্থিত অতিথিরা জার্সির নকশা, রঙের সমন্বয় ও ক্লাবের প্রতীকী উপস্থাপনাকে অত্যন্ত আকর্ষণীয় বলে অভিহিত করেন। পরে খেলোয়াড়দের হাতে নতুন জার্সি তুলে দেওয়া হয় এবং দলটির আগামী দিনের সাফল্য কামনা করা হয়।
অনুষ্ঠির শেষে অতিথিরা নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাবের উত্তরোত্তর উন্নতি, সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। নতুন জার্সি উন্মোচনের মধ্য দিয়ে ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে নতুন উদ্দীপনা, আত্মবিশ্বাস ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট সবাই আশা প্রকাশ করেন, এই জার্সি পরিধান করে ক্লাবটি যুক্তরাজ্যের বিভিন্ন টুর্নামেন্টে কৃতিত্বের নতুন ইতিহাস রচনা করবে।