সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকেরা

ডেইলি সিলেট ডেস্ক ::

এবারের ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে ফুটবলবিশ্বে চলছে নানা আলোচনা। পুরুষদের বিভাগে হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে নারী বিভাগে তৃতীয়বারের মতো এই সম্মান জয়ের সম্ভাবনা রয়েছে স্পেনের তারকা ফুটবলার আলেক্সিয়া পুতেলাসের।

গোল ডটকমের বিশ্লেষকদের মূল্যায়নে পুরুষদের বিভাগে এগিয়ে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখ ও জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে নিজের অবস্থান শক্ত করেছেন এই স্ট্রাইকার। ক্লাব ও দেশের হয়ে ৭০টির বেশি গোল করার পাশাপাশি বায়ার্নকে বুন্দেসলিগার শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপের মঞ্চেও তার পারফরম্যান্স আলোচনায় এসেছে। ব্যক্তিগত অর্জন এবং দলীয় সাফল্যের সমন্বয় কেইনকে পুরস্কার জয়ের অন্যতম শক্তিশালী দাবিদারে পরিণত করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

তবে ব্যালন ডি’অরের লড়াইয়ে এমবাপ্পে ও ইয়ামালও বড় প্রতিদ্বন্দ্বী। গোল করার ক্ষেত্রে ধারাবাহিকতা দেখালেও এমবাপ্পের পক্ষে দলীয় শিরোপার ঘাটতি একটি চ্যালেঞ্জ হতে পারে। অন্যদিকে বার্সেলোনার হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পাশাপাশি স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে ইয়ামালও আলোচনায় রয়েছেন। তবে বিশ্বকাপে তার অবদানের মূল্যায়ন নিয়ে ভোটারদের মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে।
নারী ফুটবলের বিভাগে বিশ্লেষকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার আলেক্সিয়া পুতেলাস। ক্লাবের হয়ে ধারাবাহিক সাফল্যে অবদান রাখা এই স্প্যানিশ তারকা এর আগে দুবার ব্যালন ডি’অর জিতেছেন। এবার পুরস্কারটি জিততে পারলে তার অর্জনের খাতায় যুক্ত হবে তৃতীয় শিরোপা। তবে তার সতীর্থ পাত্রি গিহারোকেও সম্ভাব্য বিজয়ী হিসেবে বিবেচনা করছেন অনেকে।

এদিকে অনূর্ধ্ব-২১ বছর বয়সি ফুটবলারদের জন্য নির্ধারিত কোপা ট্রফিতে লামিন ইয়ামালকে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে। গত বছরও এই পুরস্কার জিতেছিলেন বার্সেলোনার এই তরুণ প্রতিভা। কোপা ট্রফির পাশাপাশি মূল ব্যালন ডি’অর জয়ের দৌড়েও তার নাম থাকায় এবারের পুরস্কার বিতরণী ঘিরে আগ্রহ আরও বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: