সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ভারতের মণিপাল হাসপাতালের কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার ::

সিলেট অঞ্চলের রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভারতের খ্যাতনামা মণিপাল হাসপাতাল সিলেট নগরীতে তাদের কার্যক্রম শুরু করেছে। এর ফলে এখন থেকে সিলেটেই বসে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন রোগীরা।

শনিবার (১১ এপ্রিল) সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মণিপাল হাসপাতাল বাংলাদেশের হেড ও কনসালটেন্ট খালিদ হাসান।

তিনি জানান, সিলেটসহ দেশের অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য নিয়মিত ভারতে যান। কিন্তু সঠিক হাসপাতাল নির্বাচন, বিশেষজ্ঞ চিকিৎসক খুঁজে পাওয়া, ভিসা প্রক্রিয়া, যাতায়াত ও আবাসন সংক্রান্ত জটিলতায় রোগীদের নানা ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় দালালদের খপ্পরেও পড়ে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করতে হয়।

এই সমস্যা সমাধানে সিলেটের বন্দরবাজারস্থ ইম্ফল টাওয়ারের ২য় তলায় ‘সিলেট মেডিকেয়ার’-এর মাধ্যমে রোগীরা সরাসরি মণিপাল হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

খালিদ হাসান আরও জানান, ভারতের সুপরিচিত মণিপাল চেইন হাসপাতাল দীর্ঘদিন ধরে বাংলাদেশি রোগীদের বিশ্বমানের চিকিৎসাসেবা দিয়ে আসছে। আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

সিলেটে কার্যক্রম চালুর ফলে রোগীরা এখন নিজ শহরেই বিভিন্ন সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—রোগ অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসক নির্বাচন, সহজে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ, মেডিকেল ভিসা ও যাতায়াত সংক্রান্ত সহায়তা, টেলিমেডিসিনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনে বিরল ওষুধ সংগ্রহের ব্যবস্থা।

এছাড়া স্থানীয় হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে মণিপাল হাসপাতালের বিশেষজ্ঞদের মতবিনিময় ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে, যা সিলেটের চিকিৎসকদের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, তাদের মূল লক্ষ্য হচ্ছে বিদেশগামী রোগীদের সঠিক পথে, সঠিক সময়ে এবং সাশ্রয়ী খরচে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা।

উল্লেখ্য, ১৯৯১ সালে ভারতের বেঙ্গালুরুতে প্রতিষ্ঠিত মণিপাল হাসপাতাল বর্তমানে ভারতের ২৪টি শহরে ৪৯টি হাসপাতাল পরিচালনা করছে। ১২ হাজার ৬০০-এর বেশি শয্যা সম্বলিত এই প্রতিষ্ঠান বিশ্বের ১৬০টিরও বেশি দেশের রোগীদের চিকিৎসাসেবা প্রদান করে আসছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মণিপাল হাসপাতালের ইন্টারন্যাশনাল হেলথ সার্ভিসের গ্রুপ অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট বিকাশ তায়ার, চিফ ম্যানেজার ও সার্ক অঞ্চলের রিজিওনাল হেড রাম গোপাল বর্ধন এবং শিলিগুড়ি ও রাঙাপানি ইউনিটের হাসপাতাল পরিচালক সঞ্জয় সিং মহাপাত্রসহ অন্যান্য কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: