![]()


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মইনুল বাকর ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সিলেট নগরের একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ইশতেহার প্রকাশ করেন এবং দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর কাছে কম্পিউটার প্রতীকে ভোট প্রার্থনা করেন।
ইশতেহার ঘোষণাকালে মইনুল বাকর বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও সিলেট-৩ আসন কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও বিশুদ্ধ পানির মতো মৌলিক চাহিদা পূরণে বিগত দিনের নেতৃত্ব চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
তিনি আরও বলেন, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। বিশেষ করে গত দুই নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা জনগণের প্রত্যাশা অনুযায়ী কোনো দৃশ্যমান কাজ করতে পারেননি।
নিজের ইশতেহারকে সাম্য, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক উন্নয়নের দলিল উল্লেখ করে তিনি বলেন, আমাদের অঙ্গীকার দুর্নীতি ও দুঃশাসনমুক্ত জনবান্ধব উন্নয়ন। সিলেট-৩ হবে জনতার, শপথ হোক দেশ গড়ার।
ইশতেহারের উল্লেখযোগ্য অঙ্গীকারের মধ্যে রয়েছে ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রয়োজনীয় সেতু নির্মাণ, সিলেট, বালাগঞ্জ ও সিলেট–ফেঞ্চুগঞ্জ সড়কের সংস্কার, আধুনিক গণপরিবহন চালু এবং বন্ধ রেলস্টেশন পুনরায় চালু করা। শিক্ষা খাতে প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং দক্ষিণ সুরমায় টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।
এছাড়া বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান ডাটাবেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, কৃষি উন্নয়ন, হাওরভিত্তিক পর্যটন, খেলাধুলার মাঠ নির্মাণ, চা শ্রমিকদের অধিকার সংরক্ষণ এবং নারী বান্ধব কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।
মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, আইনশৃঙ্খলা জোরদার, প্রবাসী সেল গঠন এবং স্বাস্থ্যব্যবস্থা উন্নয়নের প্রতিশ্রুতিও রয়েছে তাঁর ইশতেহারে। মইনুল বাকর বলেন, উন্নয়নবঞ্চিত সিলেট-৩ আসনকে আধুনিক ও সমৃদ্ধ জনপদে পরিণত করতে আমি জনগণের সমর্থন চাই।