সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বুধবার, ২০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে অনুষ্ঠিত হলো দেশের প্রথম ‘স্পেশাল এবিলিটি সামিট’

স্টাফ রিপোর্টার:

বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা ও অধিকার সুরক্ষার মাধ্যমে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রথম বৃহৎ অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম ‘স্পেশাল এবিলিটি সামিট সিলেট’।

মঙ্গলবার (১৯ মে) সিলেটের আমানুল্লাহ কনভেনশন সেন্টারে হিউম্যান কেয়ার বাংলাদেশ-এর আয়োজনে এবং ট্রোপ ইভেন্টস ও জি.আই.ই.টি ইন্সটিটিউট-এর সহযোগিতায় দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘A Celebration of Human Potential’ বা মানব সক্ষমতার উদযাপন।

হিউম্যান কেয়ারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এমজি রাব্বানীর সভাপতিত্বে এবং সৈয়দা শারমিন ফাতেমা ও সাইকা তাবাসসুম চৌধুরী নাহিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সামা হক চৌধুরী ও সায়মা সুলতানা চৌধুরী লিনু।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, এমপি বলেন, বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হলে শিক্ষা, চিকিৎসা ও সামাজিক অংশগ্রহণে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।

বিশেষ অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি বলেন, বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ দিলে তারা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। এজন্য কর্মপরিবেশকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সংবেদনশীল করার আহ্বান জানান তিনি।

সামিটে বিভিন্ন সেশনে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম, সিলেট মেডিকেল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিয়াউর রহমান চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সামিটের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাকিয়া সুলতানা চৌধুরী লিমি চৌধুরী। দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘ভুল ধারণা ভাঙা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা’ শীর্ষক বিশেষ প্যানেল আলোচনা। এতে অংশ নেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোস্তফা তৌফিক আহমেদ এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।

আলোচনা শেষে অভিভাবক ও তত্ত্বাবধায়কদের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সমাজসেবা ও প্রতিবন্ধীদের নিয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সমাজসেবক, দানবীর ও শিল্পপতি ড. রাগীব আলীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ শেষে বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ ভিজ্যুয়াল প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।

দিনব্যাপী এ আয়োজনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার সদস্য, অটিজম বিশেষজ্ঞ, শিক্ষক, অভিভাবক এবং বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: