![]()


মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সিলেট-১ আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী শামীম মিয়া তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার প্রকাশ করেন এবং সিলেট-১ আসনের জনগণের কাছে ভোট ও সমর্থন প্রত্যাশা করেন।
সংবাদ সম্মেলনে শামীম মিয়া বলেন, ইনসানিয়াত বিপ্লব এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়তে চায় যেখানে ধর্ম, জাতি, মতবাদ বা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সব মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হবে। ইশতেহারে উল্লেখ করা হয়, রাষ্ট্র হবে সাংবিধানিকভাবে সব ধর্ম ও মতপথের মানুষের সমান মালিকানা ও নাগরিকত্বভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র।
ইশতেহারের মূল দিকগুলোর মধ্যে রয়েছে, রাষ্ট্র কোনোভাবেই একক ধর্ম, একক মতবাদ বা একক দলভিত্তিক হতে পারবে না; প্রত্যেক নাগরিক নিজ নিজ বিশ্বাস ও ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন; ধর্মের নামে রাজনৈতিক দল গঠন বন্ধ করা হবে এবং ধর্মকে দলীয়করণ থেকে মুক্ত রাখা হবে। পাশাপাশি প্রত্যক্ষ ভোট ছাড়া কেউ সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধান হতে পারবেন না এবং সকল নির্বাচন হবে স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর আধুনিক পদ্ধতিতে।
প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয়—প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধ, করমুক্ত নির্দিষ্ট পরিমাণ মালামাল আনার সুযোগ, প্রবাসে মৃত্যুবরণ করলে রাষ্ট্রীয় খরচে মরদেহ দেশে আনা এবং দূতাবাসগুলোকে আরও দায়িত্বশীল করা হবে। এছাড়া আবাসিক গৃহ করমুক্ত করা, জীবনরক্ষাকারী ওষুধ শুল্কমুক্ত করা, প্রত্যেক জেলা–উপজেলায় সরকারি হাসপাতাল স্থাপন, বিনামূল্যে মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ইশতেহারে আরও বলা হয়—রাষ্ট্রকে জনগণের খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের দায়িত্ব নিতে হবে; নারী–শিশুদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে; কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে; আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী দলীয় প্রভাবমুক্ত রাখা হবে এবং সকল প্রকার চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস কঠোরভাবে দমন করা হবে।
পরিবেশ রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, ন্যায়ভিত্তিক অর্থনীতি গঠন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারও ইশতেহারে তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে শামীম মিয়া বলেন, আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ, যেখানে মানুষ ভয়মুক্ত ও মর্যাদাপূর্ণ জীবন পাবে এবং রাষ্ট্র হবে সত্যিকারের মানবিক রাষ্ট্র। তিনি আগামী নির্বাচনে সিলেট-১ আসনের জনগণকে এই মানবিক ইশতেহারের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ সিলেট জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মমতাজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওয়াদা আফিফা, স্টুডেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক কেয়ায়েত উল্লাহ, ফাহিম আহমদ, সোয়াফ জালালী, শেখ নাঈম, লিটন মিয়া, সুলতান আহমেদ, মিম, ইভা, জুই প্রমুখ।-বিজ্ঞপ্তি