![]()


সিলেট-৬ (বিয়ানীবাজার) আসনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) ও নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে আবেদন করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। গত ৪ ও ৫ ফেব্রুয়ারি পৃথক দুটি আবেদন জমা দেন তিনি।
আবেদনে তিনি উল্লেখ করেন, দেশের অন্যান্য সংসদীয় আসনের উপজেলা পর্যায়ে সেনা মোতায়নের প্রক্রিয়া চলমান থাকলেও সিলেট-৬ আসনের অন্তর্ভুক্ত বিয়ানীবাজার উপজেলায় সেনা মোতায়নের পরিকল্পনা নেই বলে জানা গেছে। অথচ বিয়ানীবাজার একটি প্রবাসী অধ্যুষিত ও জনবহুল এলাকা হওয়ায় নির্বাচনকে কেন্দ্র করে এখানে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
এমরান চৌধুরী অভিযোগ করেন, বহিরাগত সন্ত্রাসী প্রকৃতির লোকজন নির্বাচনী প্রচারণার আড়ালে বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। ফলে বিয়ানীবাজার উপজেলা বর্তমানে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে বলে তিনি আবেদনে উল্লেখ করেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা জরুরি।
এ আবেদনের অনুলিপি সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জ ডিআইজি, সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এবং সিলেট জেলা পুলিশ সুপারের কাছেও পাঠানো হয়েছে।
