![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিভিন্ন থানার পৃথক অভিযানে মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ৩টা ৫ মিনিটে মোগলাবাজার থানার এসআই মো. নুর উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে সিলাম ইউনিয়নের নিজ সিলাম এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ সিলেট মোগলাবাজার থানার নিজ সিলাম গ্রামের মৃত ননা মিয়া প্রকাশ ওয়ারিছ আলীর পুত্র মো. লায়েক মিয়া (৫৭)কে গ্রেফতার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
একই দিনে মোগলাবাজার থানার আরেক অভিযানে কুচাই পশ্চিম বন এলাকায় জুয়া খেলার সময় চারজনকে আটক করা হয়। আটকরা হলেন— সিলেট মোগলাবাজার থানার কুচাই গ্রামের মৃত আকবর আলীর পুত্র হৃদয় মাহমুদ (৫২), হবিগঞ্জ নবীগঞ্জ থানার মুরাদপুর গ্রামের ছর উদ্দিনের পুত্র সামাদ (৩৪), সিলেট মোগলাবাজার থানার কুচাই পশ্চিমপাড়া গ্রামের মৃত মুসলিম আহমদের পুত্র সফাত আহমদ (৪২) এবং সিলেট দক্ষিণ সুরমা থানার খোজারখলা গ্রামের মৃত আফতাব মিয়ার পুত্র আমির হোসেন (৫২)। তাদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশ আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশা থামানোর সংকেত দিলে চালক ও যাত্রীরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতকদের শনাক্তে অভিযান চলছে।
এ ছাড়া একই দিন বিকেলে শাহপরাণ (রহ.) থানার অভিযানে খাদিমপাড়া এলাকায় ২৬ পিস ইয়াবাসহ ব্রাহ্মণবাড়িয়া কতোয়ালী থানার মধ্যপাড়া এলাকার চান মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (৪৯)কে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএমপি’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নগরীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।