![]()


স্টাফ রিপোর্টার ::
চলতি বছরের জানুয়ারি মাসে সিলেট বিভাগে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা সবচেয়ে বেশি সিলেট ও হবিগঞ্জ জেলায়, আর তুলনামূলক কম দুর্ঘটনা ঘটেছে মৌলভীবাজার জেলায়।
রোববার (৮ ফেব্রুয়ারি) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে সিলেট জেলায় ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৭টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১২ জন আহত হন। মৌলভীবাজার জেলায় ৪টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হন। হবিগঞ্জ জেলায় সবচেয়ে বেশি ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলা আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক ও অনলাইন পত্রিকা, দুটি জাতীয় দৈনিকের তথ্য, অপ্রকাশিত ও অনুমেয় ঘটনা এবং নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৭ জন সিএনজি ও টমটম চালক-যাত্রী, ৮ জন বিভিন্ন যানবাহনের চালক এবং ৮ জন পথচারী রয়েছেন। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়া দুই দুর্ঘটনায় একজন এবং মুখোমুখি সংঘর্ষের ১০ দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জন পুরুষ, তিনজন নারী ও চারজন শিশু রয়েছে।
নিসচা সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ জোরদার এবং ঝুঁকিপূর্ণ সড়কে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৬১ জন আহত হয়েছিলেন।