![]()


সংবাদদাতা ::
সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) নির্বাচনী এলাকায় ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীনের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। রোববার জৈন্তাপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় হাজারো মানুষের উপস্থিতিতে এ সংহতি প্রকাশ পায়।
জনসভায় বক্তারা বলেন, সিলেট-৪ আসনের উন্নয়ন ও ইনসাফ প্রতিষ্ঠায় এই মাটির সন্তান আলহাজ্ব জয়নাল আবেদীনের কোনো বিকল্প নেই। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন। জৈন্তাপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলেও তারা উল্লেখ করেন।
স্থানীয় সমস্যা সমাধান এবং দীর্ঘদিন অবহেলিত গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতির প্রেক্ষিতে উপস্থিত জনতা হাত তুলে জয়নাল আবেদীনকে বিজয়ী করার শপথ নেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, তিনি এই এলাকার সন্তান এবং মানুষের সুখ-দুঃখে সব সময় পাশে ছিলেন ও থাকবেন। জনগণের ভোটে নির্বাচিত হলে সিলেট-৪ আসনকে একটি আদর্শ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির বিজয় ব্যক্তির নয়, বরং জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মানুষের বিজয় হবে।
এলাকার উন্নয়নবঞ্চনা ও দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, খনিজ সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এ অঞ্চলের মানুষ তার সুফল পায়নি। প্রয়োজনীয় চিকিৎসা সেবার অভাব, পরিবহন সংকটসহ নানা সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং মাওলানা নাজমুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য দেন বিশিষ্ট চিকিৎসক ডা. মো. আব্দুল্লাহ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, মাহমুদ আলী মেম্বার, দরবস্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বশির উদ্দিন, নূর মিয়া, মোস্তফা কামাল চৌধুরী, এনসিপি নেতা নজরুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আজমল হক এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাজমুল হাসান শিকদারসহ অনেকে।