![]()


প্রবাস ডেস্ক ::
যুক্তরাজ্যে প্রবাসী হবিগঞ্জবাসীর বৃহত্তম সংগঠন হবিগঞ্জ সোসাইটি ইউকের উদ্যোগে আন্তর্জাতিক ফুটবলার ও ইংলিশ প্রিমিয়ার লিগ খেলোয়াড় হামজা চৌধুরীর সম্মানে সংবর্ধনা ও গালা ডিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বার্মিংহামের একটি অভিজাত হলে আয়োজিত অনুষ্ঠানটি তিন পর্বে অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৭টার আগেই হল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ফেস্টুন ও ব্যানারে সজ্জিত হলে হামজা চৌধুরী প্রবেশ করলে শিশু ও অতিথিরা বাংলাদেশের পতাকা নাড়িয়ে তাকে স্বাগত জানান। তাকে বরণ করেন সংগঠনের সভাপতি মাজেদুল হক চৌধুরী মিন্টু, সেক্রেটারি এম. এ. মুন্তাকিম, উপদেষ্টা রানা মিয়া চৌধুরী, শমশেদ বখত চৌধুরী ও ট্রেজারার জিয়া তালুকদার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি আব্দুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মাজেদুল হক চৌধুরী মিন্টু এবং যৌথভাবে পরিচালনা করেন রানা মিয়া চৌধুরী ও জিয়া তালুকদার।
স্বাগত বক্তব্যে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সোসাইটির সেক্রেটারি এম. এ. মুন্তাকিম হামজা চৌধুরী পরিবারসহ উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি হামজা চৌধুরীকে হবিগঞ্জ সোসাইটি ইউকের কার্যকরী সদস্য হিসেবে যুক্ত হওয়ায় অভিনন্দন জানান।
দ্বিতীয় পর্বে হামজা চৌধুরীকে সোসাইটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে তিনি ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু দ্য মিডিয়া’ সম্মাননা তুলে দেন হবিগঞ্জ সোসাইটি ইউকের উপদেষ্টা ও বার্মিংহাম বাংলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ মারুফ আহমেদের হাতে। তিনি তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা ও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে বাংলা ভয়েস পত্রিকার সম্পাদনা করছেন।
এ সময় ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি ইউকের নির্বাচনে রেকর্ড ভোটে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক এ রহমান অলিকে হবিগঞ্জ সোসাইটি ইউকে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়। হামজা চৌধুরী তার হাতে ক্রেস্ট তুলে দেন। এ রহমান অলি ১৯৯৭ সালে ফটোসাংবাদিক হিসেবে সাংবাদিকতা শুরু করে বর্তমানে ‘চ্যানেল এনআরবি ইউকে’-এর চিফ এডিটর, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেসের লন্ডন প্রতিনিধি ও দৈনিক সুপ্রভাত মিশিগানের ইউকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুরস্কার বিতরণ শেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। শেষ পর্বে ছিল ফটোসেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন হামজা চৌধুরীর পিতা দেওয়ান মোর্শেদ চৌধুরী, এ রহমান অলি, অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা ও বার্মিংহামের শিল্পী সেবুল। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী হবিগঞ্জবাসী অংশ নেন।