সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার

বড়লেখা প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ উচ্চ বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্র জানায়, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৭৫/এম-এর কাছ দিয়ে কিছু দুষ্কৃতিকারী উচ্চ বিস্ফোরক ও অস্ত্রসহ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

খবরটির গুরুত্ব বিবেচনায় বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান (এসইউপি)-এর নেতৃত্বে একটি টহল দল এবং বড়লেখা উপজেলার নির্বাচনী বেইজ ক্যাম্প (ছোটলেখা উচ্চ বিদ্যালয়) থেকে মেজর এম জাহিদের নেতৃত্বে আরও একটি টহল দল নিয়ে সমন্বিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে সীমান্ত পিলার ১৩৭৫/এম থেকে আনুমানিক ২–৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকায় রাত ১২টা ৪০ মিনিটের দিকে মালিকবিহীন অবস্থায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—
২৪টি টিউব পাওয়ারজেল নাইনটি উচ্চ বিস্ফোরক (ভারতের এসবিএল এনার্জি লিমিটেড, নাগপুরে প্রস্তুত), ২৩টি ডিটোনেটর, ১৫ মিটার ডিটোনেটর কর্ড এবং ৩টি পাইপ গান।

বিজিবি জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের উচ্চ বিস্ফোরক ও অস্ত্রের অনুপ্রবেশ দেশের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার একটি সুস্পষ্ট অপচেষ্টা। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তদন্ত কার্যক্রম চলমান আছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রতিরোধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে তারা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: