![]()


মর্যাদাপূর্ণ সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির গণমানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। নির্বাচনী প্রচারণায় যেখানেই যাচ্ছেন, সেখানেই স্বতঃস্ফূর্ত জনসমাগম ও সাধারণ মানুষের উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। পাড়া-মহল্লা, বাজার, গ্রাম কিংবা নগরের অলিগলি—সবখানেই তাঁকে ঘিরে মানুষের আগ্রহ চোখে পড়ার মতো।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালেও নগরীতে একই চিত্র দেখা যায়। গণসংযোগ একপর্যায়ে পরিণত হয় মিছিলে। প্রচারণাকে ঘিরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
বিএনপি নেতাকর্মীরা জানান, প্রচারণার পথে পথে সব শ্রেণি-পেশার মানুষ খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। পাড়া-মহল্লায় বাসা-বাড়ি থেকে বিভিন্ন বয়সী নারীরা ফুল ছিটিয়ে তাঁকে বরণ করে নিচ্ছেন। অনেকেই সরাসরি নিজেদের এলাকার সমস্যার কথা তুলে ধরছেন। কর্মসংস্থান, দ্রব্যমূল্য, নগর ব্যবস্থাপনা, শিক্ষা ও চিকিৎসা—নানামুখী প্রত্যাশার কথা শুনছেন তিনি ধৈর্য ও মনোযোগ দিয়ে। ভোটারদের সঙ্গে তাঁর কথোপকথনে আন্তরিকতা স্পষ্ট।
এদিকে, তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে। রোববার সকাল ১১টার দিকে নগরীর কুয়ারপার পয়েন্ট থেকে তাঁর নেতৃত্বে একটি প্রচার মিছিল শুরু হয়। মিছিলটি কুয়ারপার, লালাদিঘীর পার, ওসমানী মেডিকেল রোড, ভাতালিয়া, মুন্সিপাড়া, মীরের ময়দান ও রাজারগলি হয়ে শাহজালাল (রহ.) মাজারের সামনের গেইটে এসে শেষ হয়। মিছিল চলাকালে বিভিন্ন এলাকা দিয়ে অগ্রসর হওয়ার সময় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে স্লোগান দেন এবং বাসা-বাড়ি থেকে নারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রচার মিছিলে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক নজীবুর রহমান নজীব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, কোতোয়ালী থানা বিএনপির আহ্বায়ক অলিউর রহমান চৌধুরী সুহেল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জোতি এষসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে সিলেট সদর উপজেলার দশগ্রাম বাজারে ৭নং মোগলগাঁও ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে, যাতে এখানকার তরুণরা বিশ্বমানের দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে পারে। মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেমসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, “আমি ভোটের সময়ের প্রার্থী নই। সব সময় মানুষের পাশে থাকার রাজনীতিতে বিশ্বাস করি। নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব। সমস্যা শুনে বসে থাকব না, সমাধানের জন্য মাঠে থেকেই কাজ করব। সিলেট-১ আসনের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কোনো আপস হবে না।”
তিনি বলেন, মানুষ যে আস্থা ও ভালোবাসা দেখাচ্ছেন, তার মর্যাদা রক্ষা করাই তাঁর দায়িত্ব। ভোটের আগে যেমন পাশে রয়েছেন, ভোটের পরেও ঠিক তেমনভাবেই মানুষের পাশে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি