সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সুরমা নদী খনন ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি মাওলানা হাবিবুর রহমানের

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সিলেট আধ্যাত্মিক রাজধানী হলেও সদর উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। তিনি বলেন, সদর উপজেলা জেলার প্রধান উপজেলা হওয়া সত্ত্বেও এখানকার নাগরিকরা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

রোববার বিকেলে সিলেট সদর উপজেলার শিবেরবাজারে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গণসংযোগ শেষে সেখানে একটি প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

মাওলানা হাবিবুর রহমান বলেন, বর্ষা এলেই সদর উপজেলার অনেক নিচু এলাকা তলিয়ে যায়। সুরমা নদী ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। ফলে কৃষকদের ফসল নষ্ট হচ্ছে এবং বাড়িঘরে পানি ঢুকে পড়ছে। তিনি বলেন, নির্বাচিত হলে এবং জামায়াত ও ১১ দলীয় জোট ক্ষমতায় এলে অগ্রাধিকার ভিত্তিতে সুরমা নদী খনন (ড্রেজিং) এবং পানি নিষ্কাশনের জন্য একটি টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, জামায়াত একটি আদর্শিক ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে সদর উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করাই হবে তার প্রধান লক্ষ্য।

পথসভায় তিনি বলেন, সদর উপজেলার হাজার হাজার তরুণ আজ বেকার। শুধু বিদেশমুখী হওয়ার প্রবণতা কমিয়ে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে উপজেলায় অন্তত একটি আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে যুবসমাজ হাতে-কলমে কাজ শিখে দেশে স্বাবলম্বী হতে পারে এবং দক্ষতা নিয়ে বিদেশে গিয়ে বেশি আয় করতে পারে।

তিনি বলেন, জামায়াত স্লোগান বা ফাঁকা বুলিতে বিশ্বাস করে না। মানুষের কল্যাণই তাদের রাজনীতির মূল লক্ষ্য। জনগণের করের একটি টাকাও অপচয় বা লুটপাট হতে দেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াকে অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে উল্লেখ করে তিনি পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, সেক্রেটারি আল ইমরানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকার স্থানীয় জনগণ।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: