সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ : সিলেটে তারেক রহমান

স্টাফ রিপোর্টার ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত প্রথম নির্বাচনী জনসভা থেকেই দেশব্যাপী প্রচার কার্যক্রমের সূচনা করেন বিএনপির চেয়ারম্যান। জনসভায় তিনি দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করার আহ্বান জানান।

বক্তব্যের শুরুতেই তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়—সবার আগে বাংলাদেশ।” তিনি বলেন, দেশের মানুষই রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস। বিএনপি বিশ্বাস করে জনগণের শক্তিতে, আর সেই শক্তিকে কাজে লাগিয়েই দেশের মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব।

জনসভায় তিনি বিগত ১৫–১৬ বছরে অনুষ্ঠিত নির্বাচনগুলোর কঠোর সমালোচনা করে বলেন, একের পর এক তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। ব্যালট বাক্স ছিনতাই, ডামি প্রার্থী ও নিশিরাতের নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে উন্নয়নের নামে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও বিদেশে পাচারের অভিযোগও তোলেন বিএনপি চেয়ারম্যান।

সিলেট-ঢাকা মহাসড়কের দুরবস্থার উদাহরণ টেনে তিনি বলেন, ২০০৫ সালে সুনামগঞ্জ যেতে যেখানে সাড়ে চার ঘণ্টা লেগেছিল, সেখানে এখন সিলেট-ঢাকা যাতায়াতেই ১০ ঘণ্টার মতো সময় লাগে। অথচ লন্ডন যেতে বিমানে এর চেয়েও কম সময় লাগে—এটাই বর্তমান উন্নয়নের বাস্তব চিত্র।

তারেক রহমান তার বক্তব্যে ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বলেন, স্বৈরাচার থেকে দেশ মুক্ত হয়েছে, এবার মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সময়। শুধু ভোটাধিকার নয়, মানুষকে স্বাবলম্বী করে তোলাই বিএনপির লক্ষ্য। তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে ২১ দফা কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করা হবে। এর অংশ হিসেবে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি, যাতে নারী সদস্যদের মাধ্যমে পরিবার সরাসরি সহায়তা পায়।

ধর্মীয় অনুভূতির প্রসঙ্গ টেনে তারেক রহমান কাবা শরিফ, বেহেশত ও দোজখের মালিকানা নিয়ে জনতার সঙ্গে প্রশ্নোত্তরের মাধ্যমে বক্তব্য দেন। তিনি বলেন, যার মালিক একমাত্র আল্লাহ, তা দেওয়ার ক্ষমতা মানুষের নেই। নির্বাচনের আগে কিছু দলের অবাস্তব প্রতিশ্রুতি ও ‘টিকিট দেওয়ার’ কথাকে তিনি প্রতারণা ও শিরকের সঙ্গে তুলনা করে কঠোর ভাষায় সমালোচনা করেন।

বক্তব্যে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, স্বাধীনতার সময় কারা কী ভূমিকা রেখেছে, তা বাংলাদেশের মানুষ ভালোভাবেই জানে। একই সঙ্গে সিলেট অঞ্চলের গুমের শিকার নেতাকর্মীদের কথা উল্লেখ করেন তিনি। বিশেষ করে ইলিয়াস আলীর নাম উঠে আসে তার বক্তব্যে। জনসভাস্থলের এক পাশে গুম ও শহীদ পরিবারের সদস্যদের বসার জন্য আলাদা স্থানও রাখা হয়।

এর আগে সকালে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক আলোচনাসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। বুধবার রাতে স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি ঢাকা থেকে সিলেট পৌঁছান। সেখানে তিনি হজরত শাহজালাল (র.)-এর মাজার ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। পরে দক্ষিণ সুরমার বিরাইমপুরে শ্বশুরবাড়িতে নৈশভোজে অংশ নিয়ে সেখানেও ধানের শীষে ভোট চান তিনি।

জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে ধারাবাহিক নির্বাচনী সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। এসব জনসভায় সংশ্লিষ্ট জেলার বিএনপি মনোনীত ও সমর্থিত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তিনি।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী **খালেদা জিয়া**ও প্রতিবার নির্বাচনের আগে সিলেট থেকে প্রচারণা শুরু করার ঐতিহ্য বজায় রেখেছিলেন। সেই ধারাবাহিকতায় এবারও সিলেট থেকেই নির্বাচনী মাঠে নামলেন তারেক রহমান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: