সর্বশেষ আপডেট : ৮ মিনিট ২ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এমপি নুসরাতের সংবাদ সম্মেলন: ‘হামলার পেছনে আওয়ামী লীগ জড়িত’

ডেইলি সিলেট ডেস্ক ::

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সিসিটিভি ফুটেজ ও বিস্ফোরণের ধরন অনুযায়ী এটি সুনিশ্চিতভাবে পেট্রোল বোমা হামলা এবং এর পেছনে আওয়ামী লীগ জড়িত।

হামলার পূর্বাপর প্রেক্ষাপট তুলে ধরে এমপি নুসরাত জানান, গত ২৮ অক্টোবর থেকে তিনি স্প্যাম নম্বর থেকে একাধিকবার হুমকি পেয়ে আসছিলেন। এ বিষয়ে মঙ্গলবার তিনি ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এমনকি হামলার মাত্র তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে তাঁকে হুমকি দিয়ে একটি পোস্ট দেওয়া হয়। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, রাত সোয়া ১২টার দিকে তাঁর বাড়িতে পরপর চারটি বোমার বিস্ফোরণ ঘটে।

বাড়িটি পরিত্যক্ত ছিল এমন অপপ্রচার নাকচ করে তিনি জানান, দাদার তৈরি এই বাড়িতে তাঁর শৈশব কেটেছে এবং সেখানে তাঁদের গবাদিপশুর খামার ছিল। বাড়িটি দেখভালের জন্য কয়েক বছর ধরে একটি পরিবার সেখানে বসবাস করছিল। রাতের এই হামলায় ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং খামারের বেশ কিছু গবাদিপশু পুড়ে মারা গেছে।

দৌলতপুরে ফায়ার সার্ভিস না থাকায় এবং পুলিশের দেরিতে উপস্থিতির কারণে বাড়িটির প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে বলে তিনি জানান। ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও আলামত সংগ্রহ না করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে নুসরাত বলেন, সাধারণ মানুষের মতো সংসদ সদস্যদের জীবনও আজ অনিরাপদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল হামলায় চালক আহত হওয়ার প্রসঙ্গ টেনে তিনি স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, শুধু সংসদে দাঁড়িয়ে স্মার্টভাবে কথা বলে পরিস্থিতি অস্বীকার করার সুযোগ নেই; দায়িত্ব পালন করতে না পারলে সংশ্লিষ্টদের পদ ছেড়ে দেওয়া উচিত।

স্থানীয় কারও সঙ্গে দ্বন্দ্বের জেরে এই হামলা হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি তা সরাসরি নাকচ করে দেন। তিনি জানান, ঘটনার পর পলাতক সন্ত্রাসীরা ফেসবুকে উল্লাস করছে এবং দায় স্বীকার করে পোস্ট দিচ্ছে। শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, মানুষের বাড়িঘর পুড়িয়ে এবং নাশকতা করে রাজনীতিতে ফেরা যায় না। এসব হামলা চালিয়ে তাঁদের দাবিয়ে রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন এই সংসদ সদস্য।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: