সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে তারেক রহমান, বিএনপিতে উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার:

জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে বুধবার রাতে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান। ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ-এ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

বিএনপির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর। পারিবারিক রাজনৈতিক ধারাবাহিকতা বজায় রেখে সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করছেন তিনি। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিলেটের হজরত শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করতেন।

জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ১১ জন সংসদ প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ তুলে দেওয়ার কথা রয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে রাত ৮টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমানমির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের প্রার্থী এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীসহ সিনিয়র নেতারা।

পরে রাতে তিনি দুই ওলির মাজার জিয়ারত করেন এবং দক্ষিণ সুরমার সিলামের বিরাইমপুরে শ্বশুরবাড়িতে মেজবানে অংশ নেন। জামাইয়ের আগমনে পুরো বাড়ি সাজানো হয় উৎসবের আমেজে। আয়োজকদের জানান, প্রায় ১২ হাজার মানুষের জন্য ৪০ ডেগ আখনি রান্না করা হয়, যেখানে ব্যবহার করা হয় ৮টি গরু ও ৩৪ বস্তা চাল।

সিলেট সফরের পর পর্যায়ক্রমে তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদী পৌর এলাকা এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জে সমাবেশে বক্তব্য রাখবেন।

এদিকে তারেক রহমানের আগমন ঘিরে বর্ণিল সাজে সেজেছে সিলেট নগরী। রিকাবীবাজার, চৌহাট্টা ও আম্বরখানা এলাকায় দেখা গেছে তার ছবি সম্বলিত তোরণ, বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন। আলিয়া মাঠ ও আশপাশের এলাকাজুড়ে জনসভার বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জনসভাকে ঘিরে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ, সাদা পোশাকের পুলিশসহ সার্বক্ষণিক নজরদারি থাকবে।

সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, সিলেট ও সুনামগঞ্জ মিলিয়ে তিন লাখের বেশি নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ইউনিটগুলোকে মাঠে নামানো হয়েছে এবং সমাবেশটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় রাজনৈতিক জমায়েত হবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: