![]()


স্টাফ রিপোর্টার :
সিলেট–ম্যানচেস্টার আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখা এবং এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে সম্প্রসারণ কার্যক্রম অবিলম্বে শুরু করার দাবিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব বরাবরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা ও মহানগর শাখা।
বৃহস্পতিবার বেলা ২টায় সিলেট জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের কাছে স্মারকলিপি তুলে দেন সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল। স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক দাবিগুলো যথাযথ গুরুত্বসহকারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন।
স্মারকলিপিতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিদিন হাজার হাজার মানুষ কর্মসংস্থানের প্রয়োজনে বিদেশে যাতায়াত করেন। অথচ নানা সীমাবদ্ধতা ও সিদ্ধান্তহীনতার কারণে সিলেটের প্রবাসীরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন। গণমাধ্যমে প্রকাশিত খবরে আগামী মার্চ থেকে সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট বন্ধের সম্ভাবনার কথা জানা গেছে, যা প্রবাসীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে এসে ফ্লাইটটি চালু রাখার জোর দাবি জানান তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, নামমাত্র আন্তর্জাতিক হলেও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এখনো বিশ্বমানের বিমানবন্দরে রূপ নিতে পারেনি। একাধিকবার নতুন টার্মিনাল নির্মাণ ও রানওয়ে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হলেও তা অদৃশ্য কারণে স্থবির হয়ে পড়েছে। অবিলম্বে এসব উন্নয়ন কার্যক্রম শুরু করে দ্রুত সম্পন্ন করার দাবি জানান তারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইতোমধ্যে সিলেট থেকে অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট প্রত্যাহার করা হয়েছে। গত কয়েক মাস ধরে সিলেট–জেদ্দার নিয়মিত একটি ফ্লাইট বাতিল, সিলেট–মদিনা ও সিলেট–দোহা ফ্লাইট বন্ধ থাকায় ওমরাহ যাত্রী ও প্রবাসীরা চরম দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি সিলেট–ঢাকা অভ্যন্তরীণ রুটে ভাড়া নৈরাজ্য সিলেটবাসীর ভোগান্তি বাড়িয়েছে। বিদেশি এয়ারলাইন্স কমিয়ে দিয়ে কিছু এয়ারলাইন্সের অতিরিক্ত ভাড়া আদায়কে তারা বৈষম্যমূলক আচরণ হিসেবে আখ্যা দেন।
নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন হজ মৌসুমে পর্যাপ্ত ফ্লাইট না পেলে সিলেটের হাজারো হজযাত্রী মারাত্মক দুর্ভোগে পড়বেন। সিলেটবাসীর সঙ্গে এ ধরনের বৈরী মনোভাব পরিহার করে অবিলম্বে প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের বিমান যোগাযোগ ও সুবিধা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলসহ জেলা ও মহানগর জামায়াত এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।