![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেটের লালদিঘীরপারে অস্থায়ী হকার্স মার্কেটের প্রস্তুতির কাজ দ্রুত এগিয়ে চলছে। নতুন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম হকারদের পুনর্বাসনের পুরনো প্রকল্পটি আবারও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।
সম্প্রতি কিনব্রিজ থেকে হকার উচ্ছেদের পর ফুটপাত ও রাজপথ দখলমুক্ত রাখতে এই হকার্স মার্কেট প্রস্তুত করা হচ্ছে। সপ্তাহখানেক আগে কাজ শুরু হয়েছে এবং মাঠ পুরোপুরি প্রস্তুত হলে নগরীতে শুরু হবে সাঁড়াশি অভিযান। তখন কোনো হকার আর ফুটপাত বা রাজপথে বসতে পারবেন না।
মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে জেলা প্রশাসক সারোয়ার আলম আবারও লালদিঘীরপারের কাজ পরিদর্শন করেন। এসময় তিনি জানান, কাজ শেষ হতে আরও ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে। তিনি নগরীর সব হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীকে সতর্ক করে বলেন, বাজারের উন্নয়নের কাজ ইতোমধ্যে যেটুকু সম্পন্ন হয়েছে, তাতে অনেক হকারের বসার ব্যবস্থা হবে। তাই তারা এখানে এসে ব্যবসা করতে পারবেন।
ডিসি আরও বলেন, কাজ শেষ হওয়ার পর কঠোরভাবে উচ্ছেদ অভিযান চালানো হবে। কোনো হকারকে আর রাজপথ বা ফুটপাতে বসতে দেওয়া হবে না।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকারসহ জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।