![]()


স্টাফ রিপোর্টার :
নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে আগামী জাতীয় সংসদ বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হবে। বুধবার (৬ আগস্ট) দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের নির্বাচনের জন্য সবধরণের প্রস্তুতি নিতে আহবান জানিয়ে ড. আবদুল মঈন খান আরও বলেন, বিএনপি মনে করে, এই ঐতিহাসিক ঘোষণায় বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কেটে যাবে। গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। তিনি বলেন, বিএনপি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চেয়েছিল, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় মঙ্গলবার রাতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিজয় হয়েছে।
তবে শুধু সময় নয়, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বিএনপি চায় জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের স্পষ্ট বার্তা। সেই ইতিহাস আমাদের প্রেরণা দেয়, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে। আজকের এই বিজয় র্যালি প্রমাণ করে, জনগণ এখনও পরিবর্তনের পক্ষে।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ। সমাবেশে জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।