সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মাদরাসায় আগুন: ৪ জন নিবিড় পর্যবেক্ষণে, লাইফ সাপোর্টে ১

ডেইলি সিলেট ডেস্ক ::

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদরাসার লাইব্রেরিতে লাগা আগুনে সৃষ্ট ধোঁয়ায় মারাত্মক অসুস্থ হয়ে পড়া রোগীদের মধ্যে চারজনকে ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে (ভেন্টিলেটর) নেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ধোঁয়ায় আক্রান্ত এসব রোগীদের শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বার্ন রোগীদের ক্ষেত্রে প্রথম ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কাউকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত বলা যায় না। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন।

অধ্যাপক ডা. পাপন জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে পর্যায়ক্রমে মোট ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আগুনের বিষাক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় অনেকেরই শ্বাসনালি পুড়ে গেছে, যার ফলে শরীরে অক্সিজেনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। গুরুতর রোগীদের অক্সিজেন স্যাচুরেশন ধরে রাখতে বেশ বেগ পেতে হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত আসছে। এর পাশাপাশি প্রচণ্ড শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে। চোখের ক্ষতি হওয়ায় চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞকেও যুক্ত করা হয়েছে। লাইফ সাপোর্টে থাকা রোগীর চিকিৎসায় পালমোনোলজিস্ট, শ্বাসতন্ত্র বিশেষজ্ঞ এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে।

ভারপ্রাপ্ত পরিচালক জানান, অত্যন্ত সংকটাপন্ন এক রোগীর জন্য ইতোমধ্যে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তবে হাসপাতালে আসা রোগীদের অনেকেই মূল ক্ষতির চেয়ে আতঙ্কিত হয়ে (প্যানিক অ্যাটাক) অসুস্থ বোধ করছিলেন। তাদের মধ্যে ১৪ জন সুস্থ হওয়ায় ইতোমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি রোগীদের সার্বিক শারীরিক অবস্থা পর্যালোচনা করতে আজ দুপুরে মেডিকেল বোর্ডের আরেকটি সভা হওয়ার কথা রয়েছে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, যারা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার উপযোগী হবেন, তাদেরও পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়া হবে।

সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম এবং ইমার্জেন্সি আরএস ডা. সুলতান মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: