সর্বশেষ আপডেট : ১ মিনিট ৪১ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার

ডেইলি সিলেট ডেস্ক ::

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা বা বাধা দেখছে না সরকার। যেহেতু তিনি নিজেই দেশে ফিরতে আগ্রহী বলে শোনা যাচ্ছে, তাই প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইনি দীর্ঘসূত্রতার কোনো প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনাকে সাধারণ অপরাধী নয়, বরং মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আসামি হিসেবে উল্লেখ করেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, “একশ বা পাঁচশ খুন আর মানবতাবিরোধী অপরাধ (ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি) এক বিষয় নয় দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। আমাদের সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও দণ্ডিতদের অনেক সাধারণ মৌলিক অধিকারই কার্যকর থাকে না।”

ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে উপদেষ্টা বলেন, আনুষ্ঠানিক ও কূটনৈতিক চ্যানেলে ইতোমধ্যে একাধিকবার তাঁকে ফেরত চাওয়া হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে এর আগে আইনি জটিলতার কথা বলা হলেও, উপদেষ্টা মনে করেন বর্তমানে সেই সুযোগ নেই।

তাঁর মতে, “যাঁকে এক্সট্রাডাইট (প্রত্যর্পণ) করার কথা, তিনি তো নিজেই আসতে চান। তিনি নিজেই যদি এসে বিচারের মুখোমুখি হতে চান, তবে তো তাঁর কোর্টে গিয়ে আইনি লড়াই করার দরকার নেই। তাই এখানে কোনো আইনি জটিলতা আছে বলে আমরা মনে করি না।”

তিনি জোর দিয়ে বলেন, শেখ হাসিনাকে কেবল দেশে ফেরানোই নয়, বরং সঠিক আইনি প্রক্রিয়া (প্রসেস) অনুসরণ করে তাঁকে ফিরিয়ে আনাটাই সরকারের মূল লক্ষ্য।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তিও পরিষ্কার করেন উপদেষ্টা। তিনি জানান, শেখ হাসিনা নিজে পাসপোর্টের জন্য এখনও কোনো আনুষ্ঠানিক আবেদন করেননি। ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি আইনি প্রতিষ্ঠান (ল’ ফার্ম) চিঠি দিয়ে তাঁকে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নেওয়ার কথা বলেছে মাত্র। যেহেতু তিনি নিজে কোনো আবেদনই করেননি, তাই এটি নিয়ে আর কোনো আলোচনার প্রয়োজন নেই বলে মনে করে সরকার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রায়ের বিষয়ে তিনি জানান, সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে কার্যকর রয়েছে এবং বিস্তারিত বা পূর্ণাঙ্গ রায় প্রকাশ একটি নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ, যা যথাসময়ে সম্পন্ন হবে।

এ ছাড়া, শেখ হাসিনা ও তাঁর দলের পক্ষ থেকে সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলার কোনো চেষ্টা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা স্পষ্ট জানান, তারা চেষ্টা করতেই পারে, তবে সরকার এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখছে না। কূটনৈতিক পাড়ায় বিভিন্ন তৎপরতার বিষয়েও সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: