![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট নগরীর টিলাগড় শাহমাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় এ কাজের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক বলেন, “সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ইকোপার্ক, ইঞ্জিনিয়ারিং কলেজ ও যুব প্রশিক্ষণ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার সাথে সংযুক্ত এই রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে দুরবস্থায় পড়ে ছিল। শিক্ষার্থী, পর্যটক ও সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে রাস্তাটি আরসিসি ঢালাইয়ের আওতায় আনা হয়েছে।” তিনি দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, “বর্তমানে সড়কটির প্রস্থ ১২ থেকে ১৫ ফুট। উন্নয়ন কাজ শেষে এটি ২৪ ফুটে উন্নীত হবে। সড়কের দুই পাশে ৬ ফুট প্রশস্ত ফুটপাত, লাইটিং, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা থাকবে। এটি নগরবাসীর জন্য একটি মনোরম ও বিশ্রামের স্থান হবে।”
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার, সিসিক সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মো. একলিম আবদীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, সহকারী প্রকৌশলী রাজ উদ্দিন ও অংশুমান ভট্টাচার্যসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে প্রশাসক ইসলামপুর মেজরটিলা এলাকার টেক্সটাইল রোডে নির্মাণাধীন রাস্তা এবং খাদিমপাড়াস্থ সিসিক আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন।