![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
আসন্ন ইংল্যান্ড সফরের আগে বড় ধাক্কার মুখে ভারতীয় টেস্ট দল। চোট এবং ফিটনেস সংক্রান্ত কারণে দুই অভিজ্ঞ পেসার জাসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ শামির খেলা নিয়ে দেখা দিয়েছে জোরালো সংশয়। দলের দুই মূল বোলারের এমন পরিস্থিতি নিয়ে ভাবনায় নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, বুমরাহ ইতোমধ্যেই বোর্ডকে জানিয়েছেন, ইংল্যান্ড সফরে তিনি পুরো পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন না। চোট থেকে ফিরলেও টানা পাঁচটি টেস্ট খেলার ধকল তার শরীর নিতে পারবে না, এ কারণে তিনি সর্বোচ্চ তিনটি টেস্ট খেলতে চান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে পাঁচটি ম্যাচ খেলার পরই চোট পান তিনি, যা তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএলের শুরুর দিকেও মাঠের বাইরে রেখেছিল।
অন্যদিকে, দীর্ঘ সময় ধরে চোটে ভুগতে থাকা মোহাম্মদ শামিকে নিয়েও আশাবাদী নয় বোর্ড। ২০২৩ সালে গোড়ালিতে অস্ত্রোপচারের পরেও পুরোপুরি সেরে উঠতে পারেননি এই অভিজ্ঞ পেসার। ফলে ইংল্যান্ড সফরের দলে তার জায়গা পাওয়া প্রায় অনিশ্চিত। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তিনি ছিলেন একেবারেই ছন্দের বাইরে। ফিটনেস নিয়ে সংশয় থাকায় তাকে ইংল্যান্ডের কন্ডিশনে পাঠাতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
ফলে বিকল্প খুঁজতে শুরু করেছে নির্বাচক কমিটি। বুমরাহ-শামির অভাব পূরণে ভাবনায় রয়েছে তরুণ পেসার আর্শদীপ সিং ও অংশুল কম্বোজ। কাউন্টি ক্রিকেটে ইংল্যান্ডের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে আর্শদীপের। অন্যদিকে, ভারতীয় ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে যাচ্ছেন কম্বোজ, যা তাকে এগিয়ে রাখছে সম্ভাব্য বিকল্প হিসেবে।
এদিকে রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের পর নতুন অধিনায়কত্ব নিয়েও চলছে আলোচনা। শুবমান গিল রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আগে কখনো টেস্টে নেতৃত্ব না দিলেও, সাদা বলের ক্রিকেটে সহ-অধিনায়ক হওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। তার সহ-অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ঋষভ পান্তকে।
শীর্ষ দুই পেসারকে ছাড়া শুরু হতে চলা ইংল্যান্ড সিরিজ দিয়েই শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র। এমন সময় তরুণদের উপর ভরসা রেখে বড় পরীক্ষায় নামতে হচ্ছে ভারতকে।